চার কেন্দ্রে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধের অভিযোগ, সরব মহুয়া মৈত্র

ভোট গণনার প্রাক্কালে ফের স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। নদিয়ার চারটি বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুমে নজরদারি ক্যামেরা কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র।

তিনি দাবি করেন, কৃষ্ণনগর উত্তর, চাপড়া, কলিগঞ্জ এবং নাকাশিপাড়া কেন্দ্রে স্ট্রং রুমে সিসিটিভি প্রায় ২ মিনিট ১৬ সেকেন্ডের জন্য বন্ধ ছিল। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মহুয়া মৈত্র বলেন, এই ধরনের ঘটনা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। দ্রুত এই বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনার দাবি জানান তিনি।


এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভোট গণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে উদ্বেগ বাড়ছে।

যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আগে জানানো হয়েছিল।