প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কিছুটা স্বস্তিতে নির্বাচন কমিশন। তবে আসল চ্যালেঞ্জ এখন দ্বিতীয় দফা নির্বাচনকে কেন্দ্র করে। আগামী ২৯ এপ্রিল কলকাতা-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার মধ্যে হাওড়া জেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করছে কমিশন।
জানা গিয়েছে, হাওড়া জেলার মোট ৪ হাজার ৫১৮টি বুথে প্রায় ১০ হাজার আধুনিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বুথেই নজরদারি নিশ্চিত করা হবে। বিশেষ করে যেসব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত, সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এই ধরনের বুথগুলির ভিতরে ও বাইরে একটি করে মোট দুটি ক্যামেরা থাকবে। আর অতি স্পর্শকাতর বুথগুলিতে আরও বেশি নজরদারি রাখতে বাইরে দুটি এবং ভিতরে একটি ক্যামেরা বসানো হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, এবারের নির্বাচনে কমিশন সব বুথকেই স্পর্শকাতর হিসেবে বিবেচনা করেছে। ফলে প্রতিটি বুথেই নজরদারি জোরদার করা হচ্ছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, বেশিরভাগ বুথেই ইতিমধ্যে ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষের পথে।
কমিশনের মতে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য নির্বাচনের তুলনায় এবার ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।