আসন্ন নির্বাচনের প্রাক্কালে রবিবার থেকে রাজ্য জুড়ে নজরদারিতে কড়া হচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, তাদের আওতাধীন ২৫টি নোডাল এজেন্সি শনিবার মধ্যরাত পেরোতেই সক্রিয়ভাবে কাজ শুরু করবে। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় নাকা চেকিং, বিশেষ তল্লাশি এবং নজরদারি জোরদার করা হবে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, অবৈধ নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, সোনা বা অন্য কোনও প্রলোভনমূলক সামগ্রী যাতে ভোটারদের মধ্যে বিলি না হয়, তা নিশ্চিত করাই হবে এই এজেন্সিগুলির মূল লক্ষ্য।
ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে একাধিক সমন্বয় বৈঠক করেছে কমিশন। সীমান্তবর্তী এলাকা, আন্তঃজেলা সড়ক এবং সংবেদনশীল বুথ চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।
কমিশন সূত্রের দাবি, নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকেই বেআইনি লেনদেন রুখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে। কোথাও সন্দেহজনক লেনদেন বা চোরাচালানের খবর মিললেই তাৎক্ষণিকভাবে সিজার করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া অবস্থান। নির্বাচন ঘিরে যাতে অর্থ ও পেশিশক্তির প্রভাব না পড়ে, সে দিকেই বিশেষ জোর দিচ্ছে কমিশন। ফলে আগামী কয়েক সপ্তাহ রাজ্য জুড়ে তৎপরতা যে বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।