রাস্তায় নোংরা ফেললেই ২০০ টাকা জরিমানা জুলাই-সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম রাজ্যে

রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ নিল সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা, নির্দিষ্ট স্থান ছাড়া মলমূত্র ত্যাগ করা কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে জরিমানা গুনতে হবে সাধারণ মানুষকে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। একইভাবে রাস্তায় আবর্জনা ফেললেও ২০০ টাকা ফাইন দিতে হবে। প্রকাশ্য স্থানে থুতু ফেললে জরিমানা হবে ১০০ টাকা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে দিতে হবে ২০০ টাকা।

এই নিয়ম দুই ধাপে কার্যকর করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পুরসভা এলাকা এবং মিরিকে আগামী ১ জুলাই থেকে জরিমানার বিধান চালু হবে। অন্যদিকে, রাজ্যের বাকি সব এলাকায় ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে।


পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলা গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। তাঁর কথায়, রাস্তায় কেউ নোংরা বা পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তার ছবি তুলে প্রমাণ সংগ্রহ করবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানার নোটিস সরাসরি তাঁর বাড়িতে পাঠানো হবে।

সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং রাজ্যের শহর ও জনপরিসর আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। তাই আগামী দিনে রাস্তাঘাট পরিষ্কার রাখতে নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।