ভোটার স্লিপ বিলিতে কড়া কমিশন, লোগো-সহ স্লিপ বাধ্যতামূলক

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভোটার স্লিপ বিলি নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনের আগে স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন জানিয়েছে, এবার থেকে শুধুমাত্র নির্বাচন কমিশনের লোগো-যুক্ত ভোটার স্লিপই বিতরণ করতে হবে। সেই স্লিপে স্পষ্টভাবে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট ভোটারের নাম, ভোটার আইডি নম্বর, পার্ট নম্বর এবং বুথ নম্বর—যাতে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্র সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
কমিশনের এক আধিকারিক জানান, এই নির্দেশিকা নতুন নয়। আগেই তা জারি করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই নিয়ম কার্যত মানা হয়নি। অভিযোগ ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের দলীয় প্রতীক-সহ আলাদা স্লিপ বিলি করেছিলেন। ফলে বিভ্রান্তি তৈরি হয় ভোটারদের মধ্যে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন।
জেলা প্রশাসন মারফত বিএলও- দের ইতিমধ্যেই কড়া নির্দেশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট ফরম্যাটে এবং কমিশনের লোগো-সহ স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁদেরই। কমিশনের বক্তব্য, ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ক্ষেত্রে গাফিলতি বরদাস্ত করা হবে না।
এদিকে, কোনও ভোটার যদি এই স্লিপ না পান বা বিষয়টি সম্পর্কে অজ্ঞাত থাকেন, তবে সরাসরি নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০-এ অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানা গিয়েছে কমিশন সূত্রে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রস্তুতিতে জোর বাড়াচ্ছে কমিশন। রাজনৈতিক প্রভাবমুক্ত এবং শতভাগ স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করাই এবার মূল লক্ষ্য—এমনই ইঙ্গিত প্রশাসনিক মহলের। কমিশনের এই কড়া অবস্থান কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।