আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, সাসপেন্ড তিন আইপিএস

Three IPS Suspension File Photo

আরজিকর কাণ্ডে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তিন আইপিএস অফিসার— ইন্দিরা মুখার্জী, বিনীত গোয়েল এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। আরজিকর মামলার তদন্তের প্রাথমিক পর্যায়ে গাফিলতি, একাধিক ভুল পদক্ষেপ এবং আক্রান্তের পরিবারের হাতে টাকা তুলে দেওয়ার অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, তদন্তের প্রথম ধাপেই বেশ কিছু গুরুতর ত্রুটি সামনে এসেছে। ঘটনাস্থলে প্রয়োজনীয় প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি, আক্রান্তের পরিবারের সঙ্গে প্রশাসনের আচরণ এবং আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি যেভাবে প্রকাশ্যে এসেছে, তা অত্যন্ত সংবেদনশীল ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।

সরকার পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তদন্তের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।


আরজি কর কাণ্ড ঘিরে গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর চলছিল। বিরোধীরা বারবার তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। সেই আবহে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর বক্তব্যে আরও ইঙ্গিত মিলেছে, তদন্তে আগামী দিনে আরও বড় প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে। ফলে এখন নজর গোটা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।