কলকাতা শহরে বেআইনি পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গার বাইরে কোনও গাড়ি পার্কিং করা হলে গুণতে হবে মোটা জরিমানা। শহরের বিভিন্ন রাস্তায় অবৈধ পার্কিং বন্ধে বিশেষ নজরদারি ও অভিযান শুরু করার কথা ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, রাস্তার দু’ধারে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের ফলে যানজট বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও চরমে উঠছে। তাই দ্রুত এই সমস্যা নিয়ন্ত্রণে আনা হবে।
মন্ত্রী জানান, কলকাতার বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে নোটিস জারি করা হচ্ছে। যেখানে পার্কিংয়ের অনুমতি নেই, সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে শহরের ২৭টি ট্রাফিক গার্ড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। কলকাতা পুরসভার অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও পার্কিং করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও পার্কিং করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।
অগ্নিমিত্রার অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়। ওই টাকা সরকারি কোষাগারে জমা পড়ে না। এই বেআইনি কারবার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পার্কিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে ওয়ান-লাইন পার্কিং, নির্দিষ্ট ফি, ডিসপ্লে বোর্ড এবং কর্মীদের ইউনিফর্ম বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।