‘সবে শুরু, শুধু গুনতে থাকুন’, শওকত গ্রেপ্তার হতেই মুখ খুললেন দিলীপ

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা এনআইএ’র হাতে ধরা পড়েছে। ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। প্রথমে তদন্তকারীদের সঙ্গে লুকোচুরি খেলছিলেন শওকত। অবশেষে বেশি রাতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এবারের বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। আর এই ঘটনা নিয়েই মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার কড়া ভাষায় বার্তা দিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতা।

এই গ্রেপ্তারের ফলে সাধারণ মানুষের ক্ষোভের হাত থেকে বাঁচলেন শওকত বলে মনে করেন দিলীপ। দুদিন আগেই গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সুতরাং একের পর এক গ্রেপ্তারে রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। আর এইসব বিষয়ে আজ, শনিবার প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সবে শুরু, শুধু গুনতে থাকুন। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। দেড় হাজার অপরাধীকে এখনই গ্রেপ্তার করা উচিত। এদের ওপর মানুষের অপরিসীম ক্ষোভ আছে। ওদের আরও বেশি করে গ্রেপ্তার করা দরকার। না হলে একটা অঘটন ঘটে যেতে পারে। রাস্তাঘাটে যা হচ্ছে, যেভাবে ঘিরে ধরছে মারধর করছে। ওদের জীবনের স্বার্থে ওদের গ্রেপ্তার করা উচিত। কোর্টে মামলা চলুক।’

এনআইএ সূত্রে খবর, শওকতের কাছ থেকে তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই তিনটি মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধার করতে ফরেনসিকে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার হতে পারে বুঝতে পেরে আগাম জামিন নেওয়ার চেষ্টাও করেছিলেন শওকত বলে জানা গিয়েছে। নিজের ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইল ফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে শওকত মোল্লাকে। আজ দুপুরেই শওকতকে আদালতে তোলা হবে। প্রাক্তন বিধায়কের বাড়ি-সহ মোট ৮টি জায়গায় চিরুনি তল্লাশি চালায় এনআইএ। সেসব জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি তদন্তকারীরা পেয়েছেন বলে সূত্রের খবর।


তাছাড়া বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই মামলায় তৃণমূলের আর এক প্রভাবশালী নেতা ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তখন থেকেই শওকত মোল্লাকে নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। এবার সেটাই সত্যি হল। তদন্তের স্বার্থে শওকতের ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।