কালীপুজো মিটে গিয়েছে। এবার সামনেই ছটপুজো। আর তার প্রাক্কালে বড় বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ছটপুজো নিয়ে ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নিরাপত্তা থেকে শুরু করে ছটপুজো করতে যাতে কারও অসুবিধা না হয় সেজন্য প্রত্যেকটি ঘাটে ব্যবস্থা করা হয়েছে। বিহার থেকে এখানে যাঁরা কর্মসূত্রে এসেছেন এবং বংশ পরম্পরায় এখানে এসে থেকে গিয়েছেন তাঁরা ছটপুজো করে থাকেন। এবার ছটপুজো উপলক্ষ্যে রাজ্য প্রশাসনের উদ্যোগ নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। শনিবার স্পষ্ট করেছেন নানা বিষয়ে নিজের অবস্থানও।
এদিকে রাজ্যের নানা প্রান্তে ছটপুজো হবে। কলকাতা-সহ জেলায় জেলায় ছটপুজোয় মেতে উঠবেন মানুষজন। ইতিমধ্যেই ছটপুজোর পুণ্যার্থীদের পুজোর সামগ্রী তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ছটপুজো নিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ধর্মীয় উৎসবের ক্ষেত্রে ভাষা বা রাজ্যের সীমানা টেনে দেওয়া উচিত নয়। সূর্যের উপাসনা যে কেউ করতে পারেন। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিতে নানা সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় রীতি এবং উৎসবের জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গে বিহার-সহ উত্তর ভারতের বহু মানুষ বসবাস করেন। তাঁদের ছটপুজো পালনের অধিকার আছে। অতীতে এই উৎসব পালনকে কেন্দ্র করে নানা বিতর্ক এবং সমালোচনাও হয়েছে। এবার রাজ্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা প্রশংসনীয়।’
অন্যদিকে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কর্মী থেকে নেতা, বিধায়কদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। যা নিয়ে আগেই মুখ খুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তোলাবাজি থেকে শুরু করে কুকথা সবরকম অভিযোগ উঠেছে। এমনকী অহংকারী মেজাজ দেখা গিয়েছে অনেকের। তাতে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে থানায় এফআইআর করার হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়েছেন শমীকবাবু। শমীক ভট্টাচার্য বলেন, ‘দলের ভাবমূর্তি নষ্ট করছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর করা হোক। শুধু পরামর্শই নয়, পুলিশের পদক্ষেপের জন্য প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হোক।’ এবার তা নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ।
তাছাড়া রাজ্য বিজেপি সভাপতির স্পষ্ট বার্তা, দলের নাম ভাঙিয়ে কেউ অরাজকতা বা অন্যায় করলে তাঁকে রেয়াত করা হবে না। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, অভিযোগের কাগজ হাতে পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। শনিবার সকালে খড়গপুরে চা-চক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছেন, বিজেপি তৃণমূলের মতো আচরণ বা অরাজকতা বরদাস্ত করবে না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ পদক্ষেপ করেছে। কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তবে দীর্ঘদিনের ব্যাধি রাতারাতি দূর করা সম্ভব নয়। তাই এখনও কোথাও কোথাও পুরনো ধরনের অভিযোগ সামনে আসছে।’