নাবিক কল্যাণ ও নিয়োগে স্বচ্ছতা নিয়ে ডিজিএসের কর্মসূচি

নিজস্ব চিত্র

কলকাতায় সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (ডিজিএস) শহরের ঐতিহ্যবাহী নাবি গৃহ সমিতি এবং মেরিন ক্লাবের পুনর্গঠন কাজের সূচনা করেছে। নাবিকদের আবাসন, প্রশিক্ষণ ও সামাজিক পরিসর আরও আধুনিক ও উপযোগী করে তোলাই এই উন্নয়নমূলক উদ্যোগের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় দিনভর সিফ্যারার্স রিক্রুটমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ারের এক সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, দেশের নাবিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নীতিগত সংস্কারেও জোর দেওয়া হচ্ছে।

সিম্পোজিয়ামে সমুদ্রে দুর্ঘটনায় মৃত্যু, নিখোঁজ বা গুরুতর আহত নাবিকদের ক্ষতিপূরণ কাঠামো, বিমা সংক্রান্ত দায়বদ্ধতা, বেতন সুরক্ষা এবং পরিত্যক্ত নাবিকদের দ্রুত দেশে ফেরানোর বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপরও গুরুত্ব দেওয়া হয়।


পাশাপাশি, পূর্ব ভারতের নাবিকদের সুবিধার্থে পাটনায় নতুন এমএমডি দপ্তর ও আউটরিচ সেন্টার চালুর কথাও জানানো হয়। সব মিলিয়ে কলকাতাকে কেন্দ্র করে সামুদ্রিক পরিষেবা ও নাবিক কল্যাণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিশা স্পষ্ট করেছে ডিজিএস।