চিকেনস নেকের নিরাপত্তায় কেন্দ্রকে ১২০ একর জমি হস্তান্তর রাজ্যের

দেশের নিরাপত্তা আরও শক্তিশালী করতে উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ অঞ্চলে বড় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এই অঞ্চলের প্রায় ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রক্রিয়া নতুন সরকারের উদ্যোগে দ্রুত এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি করিডর দেশের অন্যতম সংবেদনশীল এলাকা। এই অঞ্চল ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় নিরাপত্তার দিক থেকে এই করিডরের গুরুত্ব অত্যন্ত বেশি। গোয়েন্দা সূত্রের দাবি, অতীতে জঙ্গি কার্যকলাপ, অস্ত্র ও মাদক পাচার এবং অনুপ্রবেশের আশঙ্কা নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে কাঁটাতার নির্মাণের কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কেন্দ্রীয় সংস্থার অধীনে আনা হয়েছে, যাতে দ্রুত রাস্তা উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের কাজ এগিয়ে যায়।


প্রশাসনিক মহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্ত এলাকায় পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ করিডরের নিরাপত্তা বাড়াতে সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।