রাজ্যে পালাবদলের পরই মানুষের উন্নয়নে কাজ করবে বিজেপি সরকার তা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর একের পর এক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। এবার প্রকল্প পেতে সমস্যা হলে অথবা মানুষের জীবনে কোনও সমস্যা নেমে এলে যাতে সমাধান করা যায় তা নিয়ে পোর্টাল খুলল রাজ্য সরকার। যা নিয়ে এখন আশার আলো দেখছেন এই রাজ্যের নবীন এবং প্রবীণ জনতা। আগেই চালু হয়েছিল ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন নম্বর। এবার চালু হলো পোর্টালও।
এদিকে আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। সেখানে গিয়ে মিলবে নানা প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ। তবে শনিবার এই পোর্টাল খুলে মানুষের সামনে বড় রাস্তা খুলে দিল রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দপ্তর বা সচিবালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েই ‘আপনার সরকার আপনার পাশে’ অপশন পাবেন। সেখানে হেল্পডেস্ক নম্বর, ইমেল আইডি যেমন মিলবে তেমনই রয়েছে ‘রেইস গ্রিভ্যান্স’-এর মতো নাগরিক পরিষেবার অপশন। অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ যে কোনও সমস্যার অভিযোগ জানানো যাবে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে।
অন্যদিকে মানুষ এমনই একটা কিছু চাইছিল। যেটা এবার সবার সামনে চলে এল। কারণ মানুষ সরাসরি সময় নষ্ট না করে যোগাযোগের একটা মাধ্যম পেয়ে গেল। এই রেইস গ্রিভ্যান্স অপশনে ঢোকার জন্য ফোন নম্বর দিতে হবে। যিনি অভিযোগ জানাতে চাইছেন। আর ওই ফোন নম্বর দিলেই আসবে ওটিপি। ক্যাপচা ভেরিফিকেশনের পরেই অভিযোগ জানানোর জন্য একটি অপশন পেজ খুলে যাবে। নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র, পোস্ট অফিসের বিস্তারিত দিতে হবে। তারপর অভিযোগ জানানো যাবে।
তাছাড়া এই পোর্টালে অভিযোগ জানানোর সময় সংশ্লিষ্ট ব্যক্তির বয়স, ইমেল আইডি, যোগাযোগের বিকল্প নম্বরও দিতে হবে। অভিযোগ জানানোর আলাদা বক্স আছে। সেখানে গিয়ে বিস্তারিত লেখা যাবে। এমনকী সেখানে যোগ করা যাবে নথিও। আর বিস্তারিত তথ্য পূরণ করে ‘জমা’ দেওয়ার অপশনে ক্লিক করলেই তা পৌঁছে যাবে সরকারের কাছে। তারপরই সমস্যার সমাধান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই প্রথমে জানিয়েছিলেন, তাঁর সরকার, মানুষের সরকার হবে। আর পরিষেবাতে প্রতিফলন থাকবে, নামেও থাকবে বিশেষ আকর্যণ। তাই আপনার সরকার আপনার পাশে নাম রাখা হয়েছে। যা বেশ আকর্যণীয় হয়ে উঠেছে মানুষের কাছে। চলতি মাসেই নবান্ন সভাঘর থেকে হেল্পলাইন নম্বর চালু করেছিল রাজ্য সরকার। সরকারি পরিষেবা পেতে কোনও সমস্যা হলে সরাসরি ফোন করতে ৮২৮২০৮২৮২০ নম্বর চালু করা হয়েছিল। asap@wb.gov.in ইমেল আইডিও দেওয়া হয়। এবার চালু হলো পোর্টালও।