এসআইআর নিয়ে বিশেষ অধিবেশন বিধানসভায়

নিজস্ব চিত্র

 আজ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। অনিবার্য কারণ দেখিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশের সূচি পিছিয়ে দেওয়া হলেও নতুন সময়সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অধিবেশনের প্রথমার্ধে রাজ্যপালের ভাষণ এবং দ্বিতীয়ার্ধে বাজেট সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে।

এবারের অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে। সোমবার স্পিকার স্পষ্ট করে জানান, এই বিষয়কে ঘিরে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হচ্ছে। ইতিমধ্যেই দুটি মোশন জমা পড়েছে—একটি সরকার পক্ষের এবং অন্যটি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর তরফে। বিধানসভার নিয়ম মেনে সরকার পক্ষের প্রস্তাব গ্রহণ করা হলেও বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

অধ্যক্ষের কথায়, এসআইআর চালু হওয়ার পর একাধিক মৃত্যুর অভিযোগ এবং আহত হওয়ার ঘটনা সামনে এসেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেই মনে করছে সরকার।


অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও তারা যোগ দেননি বলে অভিযোগ স্পিকারের। তবু তিনি আশাবাদী, সংসদীয় রীতি মেনেই অধিবেশন চলবে।

উল্লেখযোগ্য ভাবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার পূর্ণাঙ্গ বাজেটের বদলে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সংক্ষিপ্ত অধিবেশন সময়ের দিক থেকে ছোট হলেও রাজনৈতিক গুরুত্বে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, এসআইআর নিয়ে নিন্দা প্রস্তাবই শেষ পর্যন্ত অধিবেশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।