আগামী রবিবার, ২৪ মে, সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন নিয়মিত সময়ের চেয়ে দুই ঘণ্টা আগে মেট্রো পরিষেবা শুরু হবে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হয়, তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে।
নতুন সূচি অনুযায়ী ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকেই ট্রেন চলাচল শুরু হবে। ব্লু লাইনে ডাউন দক্ষিণেশ্বর, দমদম এবং আপ শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এরপর দিনের বাকি সময় নিয়মিত ব্যবধানে মেট্রো পরিষেবা চলবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। ব্লু লাইনে মেট্রোর মোট ট্রিপের সংখ্যা বাড়িয়ে ১৬০টি করা হয়েছে, যা সাধারণ রবিবারগুলির তুলনায় বেশি। সাধারণত আপ-ডাউন লাইন মিলিয়ে প্রতি রবিবার ১৫২টি মেট্রো ট্রিপ চালু থাকে।
গ্রিন লাইনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। গ্রিন লাইন মেট্রোর ক্ষেত্রে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ, দুই দিক থেকেই সকাল ৭টা থেকে মেট্রো চলবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। পরীক্ষার্থীদের ভিড় সামলাতে এই সময় অতিরিক্ত ট্রিপ করা হবে বলে জানানো হয়েছে।