প্রান্তিক মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দুর্গাপুরের কাদা রোডে রবিবার অনুষ্ঠিত হল একটি বিশেষ চক্ষু পরীক্ষা ক্যাম্প ও স্বাস্থ্য শিবির। পদাতিক ও কলকাতার মারওয়ারী রিলিফ সোসাইটির উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির। কলকাতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে এলাকার সাধারণ মানুষের চোখ পরীক্ষা করেন। শুধু চোখ পরীক্ষা নয়, যাঁদের চশমার প্রয়োজন, তাঁদেরও বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যেসব রোগীর চোখে অপারেশনের প্রয়োজন রয়েছে, তাঁদের জন্যও বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এলাকার শিশু-কিশোরদের জন্যও ছিল বিশেষ আয়োজন। তাদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হয়। এরপর বিকেল ৪টে থেকে মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমাজের বিশিষ্টজনেরা। তাঁদের বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়।
আরও পড়ুন: ‘খাম’ নিয়ে খামখেয়ালি? কমিশনের পর এবার হাইকোর্টে নওশাদ
সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্য সচেতনতা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে এলাকায় ছিল উৎসাহ ও উদ্দীপনা। এই উদ্যোগে এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিশুদের খেলাধুলা এবং বিশিষ্টজনদের সম্মাননা, সব মিলিয়ে কাদা রোডে এই উদ্যোগ হয়ে উঠেছিল এক বিশেষ সামাজিক মিলন মেলা।