তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় বড়সড় চমক দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে। তিন বারের মন্ত্রী ও চার বারের বিধায়ক সৌমেন মহাপাত্রকে এ বার টিকিট দেয়নি দল। দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতাকে প্রার্থী না করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় তমলুক কেন্দ্র থেকে সৌমেন মহাপাত্রের নাম ঘিরে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত দেখা যায়, তাঁকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দীপেন্দ্রনারায়ণ রায়কে।
তৃণমূলের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই নানা ব্যাখ্যা উঠে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তৃণমূল এ বার বেশ কিছু আসনে নতুন মুখ এবং তরুণ প্রার্থীদের উপর ভরসা রাখতে চাইছে। সেই কৌশলের অংশ হিসেবেই অভিজ্ঞ নেতাদের কিছু ক্ষেত্রে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, সৌমেন মহাপাত্র দীর্ঘদিন ধরে তমলুকের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে তাঁর অনুপস্থিতি স্থানীয় সংগঠনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও দলীয় সূত্রে ইঙ্গিত, অভিজ্ঞ নেতাদের সাংগঠনিক কাজে লাগানো হতে পারে ভবিষ্যতে। এই পরিবর্তন তমলুকের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে এবং নতুন প্রার্থীকে কতটা গ্রহণ করেন ভোটাররা সেটাই দেখার।