পাচার চলছিল সোনার। কিন্তু, বিএসএফ দেখেই মা পাচারের জিনিস ছেলের কাছে রেখে তাকে এগিয়ে দেয় পুলিশের মুখে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সীমান্তবর্তী দহরকান্দা এলাকায় ১২ বছরের নাবালকের ব্যাগ থেকে উদ্ধার ১১টি সোনার বিস্কুট। মা ভেবেছিল নাবালককে দেখে সন্দেহ করবে না বিএসএফ।
শুক্রবার রাতে দহরকন্দা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ওই নাবালক এক মহিলার সঙ্গে ঘোরাফেরা করছিল। দেখা যায় নাবালকের হাতে একটি ব্যাগ তুলে দেন তার মা, যা সীমান্তের একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসে ওই নাবালক। এই ঘটনা চোখ এড়ায়নি বিএসএফ জওয়ানদের। পুলিশের নজর এড়াতে পাচারের জন্য স্বয়ং মা-ই নাবালককে এই কাজ করতে বলে জানিয়েছে বিএসএফ।
এরপরেই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাগ বাজেয়াপ্ত করেই কার্যত চোখ কপালে বিএসএফদের। তল্লাশি করে দেখা যায় ওই ব্যাগের মধ্যে ১১টি সোনার বিস্কুট। নাবালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তার মা তাকে ওই ব্যাগটি সীমান্তে ধানক্ষেতে রেখে আসতে বলেছিলেন, আর তাই সে সেখানে তা রেখে আসে। এর পরই নাবালকের মা সারবিনা মোল্লার খোঁজ শুরু করে বিএসএফ, তবে এখনও পর্যন্ত ওই মহিলার হদিশ পাওয়া যায়নি।
নাবালককে আটক করে পরে তাকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি সমেত শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, বিএসএফ এবং পুলিশের চোখে ফাঁকি দিয়ে পাচার করার জন্য কি নাবালককে এ কাজে ব্যবহার করা হচ্ছিল? সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।