মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ অভিযোগ জানালেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

ছবি: আইএএনএস থেকে নেওয়া

রাজ্যের সঙ্গীতজগতে দীর্ঘদিন ধরে চলা বঞ্চনা, পক্ষপাতিত্ব এবং তথাকথিত সিন্ডিকেটরাজের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির হলেন একদল সঙ্গীতশিল্পী। মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন।

শিল্পীদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে সুযোগ পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না। একটি নির্দিষ্ট গোষ্ঠীর শিল্পীরাই বারবার সুযোগ পেতেন, ফলে বহু যোগ্য শিল্পী কাজ থেকে বঞ্চিত হতেন। তাঁদের দাবি, অনুষ্ঠান পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার চল ছিল। এ বিষয়ে তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তাঁরা।

শিল্পীদের বক্তব্য, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে শিল্পীদের মূল্যায়ন করা হতো। এমনকি বাইরের রাজ্য বা বিদেশের শিল্পীরা সুযোগ পেলেও বাংলার বহু প্রতিভাবান শিল্পী সরকারি মঞ্চে জায়গা পাননি। তাই নতুন সরকারের কাছে তাঁরা যোগ্যতার ভিত্তিতে সুযোগ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর বক্তব্য, গত ১৫ বছরে হাজার হাজার শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আর্থিক অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনও শিল্পী যদি প্রমাণ করতে পারেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনও সুবিধা নিয়েছেন, তবে প্রশাসন যে পদক্ষেপ করবে তা তিনি মেনে নেবেন।

এদিন জনতার দরবারে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং চিকিৎসার সহায়তা প্রত্যাশী সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা বাবুসেনা মণ্ডল নির্বাচন পরবর্তী অশান্তিতে ছ’বছরের সন্তানকে হারিয়েছেন বলে অভিযোগ। ২০১৪ সালের ভোট পরবর্তী অশান্তিতে ভাইকে হারিয়েছেন উত্তর ২৪ পরগনার রহড়ার বাসিন্দা শর্বাণী রায়।
তিনিও ন্যায়বিচারের আশায় পৌঁছেছেন জনতার দরবারে। আবার কাকদ্বীপের বাসিন্দা ভোলানাথ শী-ও মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তাঁর দাবি, পূর্বতন সরকারকে বার বার চিকিৎসায় সাহায্যের আর্জি জানিয়েও কোনও কোনও সুরাহা হয়নি। তাই নতুন সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন তাঁরা। ন্যায়বিচার ও সরকারি সহায়তার আশায় তাঁরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এদিন।