হাওড়া মেট্রো স্টেশনে মিলল প্রায় ১৪ লক্ষ টাকার রুপোর বার

Pic- SNS

নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় সন্দেহজনক সামগ্রী উদ্ধারে তৎপরতা দেখাল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।  হাওড়া মেট্রো স্টেশনে এক যাত্রীর কাছ থেকে ৬.৪ কেজি রুপোর বার উদ্ধার করল আরপিএফ।  ১৩ জুলাই ২০২৬, দুপুর ১টা ৩ মিনিট নাগাদ স্টেশনে এক যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় কর্তব্যরত আরপিএফ কর্মীরা সন্দেহজনক রুপোর বার দেখতে পান।

এরপর ওই যাত্রীকে শনাক্ত করা হয় এবং বিষয়টি গোলাবাড়ি থানাকে জানানো হয়।  পুলিশ কর্মীদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় যাত্রীর কাছ থেকে মোট ৬.৪ কেজি রুপোর বার উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য ১৩.৮৮ লক্ষ টাকা।  সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, আইনানুগ পরবর্তী পদক্ষেপের জন্য ওই যাত্রী এবং উদ্ধার হওয়া রুপোর বার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্যশ চলতি মাসের শুরুতেই গুয়াহাটিতে বড়সড় সাফল্য পায় পুলিশ।  গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে খারঘুলি এলাকা থেকে ৩৭ কেজিরও বেশি অবৈধ সোনা উদ্ধার করেছে লতাশিল থানার পুলিশ।  উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ কোটি টাকা।


এই ঘটনায় অক্ষয় বানসুড়ে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩৭.০৬৪ কেজি সোনার বার ও টুকরো, ১৩ গ্রাম রুপোর দানা, চারটি মোবাইল ফোন, ৩,৭৫৫ টাকা নগদ এবং সোনা গোপনে পরিবহণে ব্যবহৃত কয়েকটি ব্যাগ।  এই চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।