সিকিমে ভারী বৃষ্টির জেরে ভূমিধসের আতঙ্ক কাটছেই না। ধসে অবরুদ্ধ রাস্তা পরিষ্কার করতে গিয়ে ফের ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ২ শ্রমিক। শনিবার নামচি জেলার রাবং মহকুমার ফামতাম গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৪ শ্রমিক গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা ও ফামতাম গ্রামের সংযোগকারী রাস্তাটি কয়েক দিন আগে ভূমিধসে বন্ধ হয়ে গিয়েছিল। শনিবার প্রশাসনের নির্দেশে ৬ শ্রমিক সেখানে জমে থাকা পাথর ও মাটি সরানোর কাজ করছিলেন। সেই সময় আচমকাই পাহাড়ের উপর থেকে নতুন করে ধস নামে। বিশাল পাথর, মাটি ও গাছপালা ভেঙে পড়ে শ্রমিকদের উপর। তাঁরা পালানোর সুযোগও পাননি।
মৃতদের নাম লাল বাহাদুর রাই, বয়স ১৮, এবং মান বাহাদুর গুরুং, বয়স ৬১। আহত হয়েছেন অনিল রাই, মোহন বাহাদুর ছেত্রী, মহেন্দ্র রাই এবং সোনম ওয়াংদি ভুটিয়া। তাঁদের ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করে দ্রুত নামচি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নামচির জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং গ্রামবাসীদের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকাজ চলাকালীনও পাহাড় থেকে মাঝেমধ্যেই পাথর গড়িয়ে নামছিল। ফলে চরম ঝুঁকির মধ্যেই অভিযান চালিয়ে যেতে হয়।
উল্লেখ্য, টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে গত কয়েক সপ্তাহ ধরে সিকিমের বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিধসের ঘটনা ঘটছে। সম্প্রতি রাজ্যের একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে ২৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল বলে প্রশাসন জানিয়েছে। সেই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ১১ জন শ্রমিকও প্রাণ হারান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় নতুন করে ধসের আশঙ্কা থাকায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।