শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের আগেরদিন তাঁর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল। কলকাতার সুকিয়া স্ট্রীট এলাকায় আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের উপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদী স্থাপিত হয়েছে। সোমবার, ৬ জুলাই তাঁর জন্মদিবসে এই মূর্তিটি উদ্বোধন হওয়ার কথা ছিল। ঠিক তার আগেরদিন মূর্তি ভাঙার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, সুকিয়া স্ট্রিটের ওই এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তি বসানো হয়েছিল। বেদীতে নামের ফলকও লাগানো হয়েছিল। কিন্তু রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা অবস্থায় দেখেন। নামের ফলকটিও ভাঙা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারই এই দুটি মূর্তির উদ্বোধন হওয়ার কথা ছিল।
সূত্রের খবর, মূর্তিটি ওইভাবে ভাঙা অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের ইকোপার্কে ১২৫ ফুট উঁচু একটি বিশাল মূর্তি বসানো হবে। আর সোমবার এই মূর্তির ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন অমিত শাহ।
ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানেও নানা কর্মসূচির আয়োজন করা হবে। অনেক জায়গায় মূর্তি বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর মাঝে সুকিয়া স্ট্রিটে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।