চিনার পার্ক ছেড়ে আলিপুরের ‘সৌজন্য’তেই নতুন ঠিকানা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বদলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কলকাতার ঠিকানাও। এতদিন শহরে এলে চিনার পার্কের ফ্ল্যাটেই থাকতেন তিনি। এবার থেকে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস হিসেবে আলিপুরের ‘সৌজন্য’তেই থাকার সিদ্ধান্ত হয়েছে শুভেন্দুর।

আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত ‘সৌজন্য’ মূলত ভিভিআইপিদের থাকার জন্য তৃণমূল আমলে নির্মিত হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনের উদ্বোধন করেন। এবার সেই ভবনেই উঠতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। যদিও কবে থেকে তিনি সেখানে থাকতে শুরু করবেন, তা এখনও স্পষ্ট নয়।

তবে কলকাতার নতুন ঠিকানা হলেও শুভেন্দুর রাজনৈতিক ও ব্যক্তিগত আবেগ জড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথির ‘শান্তিকুঞ্জ’-কে ঘিরেই। সেখানেই থাকেন তাঁর বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও কাঁথিতে গেলে ওই বাড়িতেই ওঠেন তিনি।


শনিবার ব্রিগেডে শপথগ্রহণের অনুষ্ঠান সেরে গভীর রাতেই কাঁথির বাড়িতে ফেরেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে বাড়ির সামনে ভিড় জমান সমর্থকেরা। ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তাঁরা। নিরাপত্তার কারণে প্রথমে ‘শান্তিকুঞ্জ’-এর সামনে গার্ডরেল বসানো হলেও পরে অধিকারী পরিবারের অনুরোধেই তা সরিয়ে নেয় পুলিশ। পরিবারের বক্তব্য, সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা হোক, তা তাঁরা চান না। রবিবার বিকেল পর্যন্ত কাঁথির বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী।