সোমবার নবান্নে যাবেন শুভেন্দু, দুই সিপি-র নেতৃত্বে এলাকা পরিদর্শন

শুভেন্দু অধিকারী  মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন। তাঁর এই প্রথম প্রশাসনিক সফর ঘিরে ইতিমধ্যেই ব্যাপক তৎপরতা শুরু করেছে হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশ।  শুধু নবান্নের ভিতরেই নয়, গোটা চত্বরজুড়েই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

রবিবার দুপুর থেকেই নবান্নে নিরাপত্তা খতিয়ে দেখতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।  তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। প্রথমে নবান্ন চত্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা হয়। কোথায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কোথায় আরও কড়াকড়ি প্রয়োজন— সেই সব বিষয় খুঁটিয়ে পর্যালোচনা করেন আধিকারিকেরা। বিশেষ করে মুখ্যমন্ত্রী যেখানে প্রশাসনিক বৈঠক করবেন, সেই সভাঘরের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরীক্ষা করা হয়। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন দুই কমিশনার।

সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথম বৈঠকে বসবেন শুভেন্দু। শুধু প্রশাসনিক পর্যালোচনাই নয়, দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। পাশাপাশি বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিভিন্ন জ়োনের সিনিয়র পুলিশ আধিকারিকেরা।


উল্লেখ্য, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যের মুখ্যসচিব নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। ধর্মতলায় পূর্ত দপ্তরের অস্থায়ী কার্যালয়ে হওয়া সেই বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এদিকে, শুভেন্দুর মন্ত্রিসভা নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। শনিবার তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী হিসেবে শপথ নেন— দীলিপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু । বিজেপি সূত্রে খবর, সোমবারই নতুন মন্ত্রীসভার বাকি সদস্যদের শপথগ্রহণ হতে পারে এবং সেই সঙ্গে বিভিন্ন দপ্তরের দায়িত্বও ঘোষণা করা হবে।