একসময় একই রাজনৈতিক দলে থাকলেও গত কয়েক বছরে দুই নেতার সম্পর্ক ছিল প্রকাশ্য রাজনৈতিক সংঘাতের। বিশেষ করে তৃণমূলের মুখপাত্র হিসেবে বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিকবার তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তাই এদিনের এই সৌহার্দ্যের ছবি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।
সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনিও এগিয়ে এসে কুণাল ঘোষকে আলিঙ্গন করেন। রাজনৈতিক বিরোধিতার মাঝেও বিধানসভায় এই সৌজন্য বিনিময়ের ছবি ঘিরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।
এদিন বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর সমাজমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন, তাপস রায় ও সজল ঘোষকে তৃণমূল ছাড়তে বাধ্য করা হয়েছিল। কুণালের কথায়, তাঁদের দলে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি। পাশাপাশি ‘হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স’ ও স্বজনপোষণের অভিযোগ তুলে দলের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও কারও নাম নেননি, রাজনৈতিক মহলের মতে তাঁর ইঙ্গিত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই। কুণালের পোস্ট ঘিরে ফের জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।