হোয়াইট হাউসের সামনে শুটআউট

প্রতিনিধিত্বমূলক চিত্র

হোয়াইট হাউসের সামনে আচমকা গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আমেরিকায়। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের ১৭ স্ট্রিট ও পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ এলাকায় এক যুবক ব্যাগ থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ঘটনায় এক পথচারী জখম হন। পরে সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত হন ওই বন্দুকবাজ। ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার কিছু পরেই ওই যুবক আচমকা গুলি চালাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় নিরাপত্তারক্ষীরা। গুলিবিদ্ধ অবস্থায় বন্দুকবাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনও আধিকারিক আহত হননি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত যুবকের নাম নাসাইর বেস্ট। বয়স আনুমানিক ২১ বছর। কী উদ্দেশ্যে তিনি হোয়াইট হাউসের সামনে গুলি চালালেন বা তাঁর নিশানায় প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। ঘটনায় সক্রিয় হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা  এফবিআই।


এই ঘটনা নতুন করে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গত এক মাসে এটি তৃতীয় বার, যখন ট্রাম্পের আশপাশে গুলির ঘটনা ঘটল। এর আগে এপ্রিল মাসে হোয়াইট হাউসের এক নৈশভোজে এক যুবক বন্দুক নিয়ে ঢুকে গুলি চালানোর চেষ্টা করেছিলেন। চলতি মাসের শুরুতেও ওয়াশিংটন মনুমেন্টের কাছে একই ঘটনা ঘটে। এদিকে, শনিবারের ঘটনায় আহত পথচারী বন্দুকবাজের গুলিতে না কি সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে জখম হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত চলছে।