বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকেই চাপে তৃণমূল কংগ্রেস। ৮০ জন বিধায়ক থাকা সত্ত্বেও এখনও বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি না মেলায় দলের অন্দরে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে কয়েকজন বিধায়কের সাম্প্রতিক গতিবিধি ঘিরে দলীয় নেতৃত্বের মধ্যে সন্দেহ ও অস্বস্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার বিকেলে তৃণমূল পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

দলের সমস্ত বিধায়ককে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকটি হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কনফারেন্স রুমে। শোভনদেব জানিয়েছেন, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন, যাতে তিনি বিধায়কদের দিশা দেখাতে পারেন।

দলের শীর্ষ নেতৃত্বের মতে, বর্তমানে পরিষদীয় দলকে ঐক্যবদ্ধ রাখা অত্যন্ত জরুরি। সম্প্রতি দিল্লির পুরনো বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। যদিও ঋতব্রত সেই সাক্ষাৎকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছিলেন।

এরপর বিধানসভায় স্পিকারের ঘরে শুভেন্দু অধিকারী, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহার ঢুকে পড়া নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। এই ঘটনাগুলিই তৃণমূল নেতৃত্বকে আরও সতর্ক করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। দলীয় সূত্রে খবর, রবিবারের বৈঠকে শুধু দলীয় ঐক্য নয়, বিধানসভায় বিরোধী দলের মর্যাদা না পাওয়া এবং বিধায়কদের জন্য নির্দিষ্ট ঘর বরাদ্দ না হওয়ার বিষয়েও আলোচনা হবে।