হারের পর শওকত মোল্লার নিরাপত্তা প্রত্যাহার

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার ক্যানিংয়ের প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লার সমস্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হল। নতুন সরকারের সিদ্ধান্তে তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা, পাইলট গাড়ি এবং সশস্ত্র রক্ষী সবই তুলে নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শওকত মোল্লা।

সেখানে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হওয়ার পর থেকেই তিনি কার্যত জনসমক্ষে অনুপস্থিত। প্রশাসনিক সূত্রের দাবি, বর্তমানে শওকত মোল্লা কোনও নির্বাচিত প্রতিনিধি নন এবং তাঁর হাতে কোনও সরকারি পদও নেই। সেই কারণেই তাঁর জন্য বিশেষ নিরাপত্তা বহাল রাখার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসময় বাম আমলের প্রভাবশালী নেতা ও প্রাক্তন মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ ছিলেন শওকত। পরে ২০১১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তাঁর প্রভাব বাড়তে থাকে। সেই সঙ্গে ধাপে ধাপে বাড়ানো হয় নিরাপত্তাও।


শেষপর্যন্ত তাঁর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছিল। কলকাতা পুলিশ ও জেলা পুলিশের দুটি পাইলট গাড়ির পাশাপাশি ২৪ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী তাঁর দায়িত্বে ছিলেন। তবে বুধবার রাত থেকে সেই সমস্ত নিরাপত্তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।