শুক্রবার রাতে এনআইএ-র হাতের গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শনিবার শওকত মোল্লাকে গ্রেপ্তারের কারণ জানাল এনআইএ। দিল্লিতে এনআইএ-র সদর দপ্তর থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পলাতক প্রাক্তন বিধায়ককে এনআইএ গ্রেপ্তার করেছে। ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় মূল সন্দেহভাজন’।
এনআইএ বিবৃতিতে আরও বলেছে, ‘পলাতক শওকতকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে এনআইএ-এর তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দেশি বোমা তৈরির সময় একটি বিস্ফোরণ ঘটেছিল। এই সময় বোমা প্রস্ততকারীদের একজন নিহত হন। আরও কয়েকজন আহত হয়েছিলেন।‘
এনআইএ-এর খবর অনুযায়ী, ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লা গ্রেপ্তার হওয়া চতুর্থ অভিযুক্ত ব্যক্তি। তাঁকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে এনআইএ। তিনিই অন্যান্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তথ্যপ্রমাণ নষ্ট করার জন্য শওকত অন্যান্য অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন বলে খবর।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শওকতের জীবনতলার বাড়িতে হানা দেয় এনআইএ। সেই সময় বাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা। সেই সঙ্গে তল্লাশি চালায়। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের কয়েক দিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণ হয়। ঘটনায় একজন নিহত হন। জখমও হন বেশ কয়েক জন। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি এনআইএ-র তদন্তের দাবি করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব নেয় এনআইএ।
সূত্রের খবর বাংলাদেশে পালানোর চেষ্টা চালাচ্ছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক। তার আগেই শুক্রবার সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকায় বাইক আরোহী অবস্থায় শওকত মোল্লাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।