বিকাশদা মামলা হেরে যাক, চাইছেন শতরূপ

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে সওয়াল করার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ  রঞ্জন ভট্টাচার্য। বিষয়টি ঘিরে বাম শিবিরের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের পক্ষেই বা কেন মামলা লড়ছেন বিকাশবাবু?

এই আবহে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সিপিএমের মুখপাত্র ও রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতরূপ বলেন, “আমি চাই বিকাশদা এই মামলা হেরে যান।”

তিনি জানান, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চিটফান্ড— একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিকাশ ভট্টাচার্যের লড়াই এবং সাফল্য তিনি বরাবরই সমর্থন করেছেন। কিন্তু অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর মামলার ক্ষেত্রে তাঁর অবস্থান সম্পূর্ণ আলাদা। শতরূপের কথায়, “আমি সব সময় বিকাশদার জয়ের কামনা করি। কিন্তু এই মামলায় চাই উনি হারুন। ওরা জেলে গেলে আমি খুশি হব।”


এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। শতরূপের অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ দুষ্কৃতীরা অতীতে বহু সিপিএম কর্মীর উপর হামলা চালিয়েছে। তাঁদের মারধর করা হয়েছে, বাড়িঘরে আগুন লাগানো হয়েছে, এমনকি খুনের ঘটনাতেও নাম জড়িয়েছে বলে দাবি তাঁর।

একটি ঘটনার উল্লেখ করে শতরূপ বলেন, “বাগুইআটিতে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তখন সেলিমদা, সুজনদা এবং আমি তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেই সময় দেবরাজ চক্রবর্তীর কয়েকজন লোক সেখানে ঢুকে আমাদের বাধা দেয়। তারা বলে, এখানে সিপিএম রাজনীতি করতে দেওয়া হবে না। রাজারহাটেও কমরেডদের উপর হামলার ঘটনা ঘটেছে।”

এই সমস্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেই শতরূপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর মামলায় তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরাজয়ই দেখতে চান।