ডিম ছোঁড়ার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, কর্মীদের ফের সতর্ক করলেন শমীক

Image: ANI

প্রতিবাদের ভাষা হিসেবে রাজনৈতিক কর্মসূচিতে ডিম ছোঁড়ার প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে ফের কর্মীদের সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চলতে থাকলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। মঙ্গলবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক সেলের সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়ার একাধিক ঘটনা ঘটেছে। এই আবহেই শমীক ভট্টাচার্য বলেন, ডিম ছোঁড়ার সংস্কৃতি কোনও সুস্থ রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। অবিলম্বে এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি আবেদন জানান।
এটি অবশ্য তাঁর প্রথম মন্তব্য নয়। এর আগেও তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিবাদের নামে ডিম ছোঁড়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। একই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, বাজেটে ২০ শতাংশ ডিএ বৃদ্ধি এবং এক লক্ষ চাকরির প্রতিশ্রুতিই বিরোধীদের উপযুক্ত রাজনৈতিক জবাব। অকারণে ডিম ছোঁড়াকে সাধারণ মানুষ ভালো চোখে দেখছেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
তবে শীর্ষ নেতৃত্বের এই বার্তার পরেও রাজ্যের বিভিন্ন জেলায় ডিম ছোঁড়ার ঘটনা অব্যাহত রয়েছে। সেই প্রেক্ষিতেই শমীক ভট্টাচার্যের এ দিনের মন্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।