নতুন সরকার বিজেপির সরকার হবে না বললেন শমীক ভট্টাচার্য

বিধানসভা ভোটের আগে বিজেপির ‘সংকল্পপত্র’-এ সাধারণ মানুষের জন্য যে একগুচ্ছে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল। এবার  সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে দল যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকালে সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারের কাজের সঙ্গে দলের ঘোষিত প্রতিশ্রুতির সমন্বয় বজায় রাখতেই নিয়মিত যোগাযোগ রাখা হবে।

শমীক বলেন, ‘সরকার নিজের নিয়ম মেনেই চলবে। তবে দলের সংকল্পপত্র যাতে যথাযথভাবে রূপায়িত হয়, সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখব। এই সরকার বিজেপি সরকার হবে না  পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।‘  তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে থাকবে সাধারণ মানুষের স্বার্থ ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য।

এদিন সকালেই চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে প্রায় সাড়ে ন’টা নাগাদ শমীক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছন  নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে স্থানীয় কর্মী-সমর্থকেরা ফুলের মালা দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে শমীককে সঙ্গে নিয়েই একই গাড়িতে সল্টলেকের বিজেপি রাজ্য কার্যালয়ে যান শুভেন্দু।


শুভেন্দুকে স্বাগত জানাতে এদিন বিশেষভাবে সাজানো হয়েছিল দলীয় দপ্তর। ফুল, বরণডালা এবং ২০৭টি পদ্মফুলের মালা দিয়ে তাঁকে বরণ করা হয়। কুলো হাতে মহিলা কর্মীরাও ঐতিহ্যবাহী পদ্ধতিতে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এরপর সেখানে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দল ও সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

দলীয় বৈঠক শেষে সরাসরি নবান্নে পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। নতুন সরকারের প্রশাসনিক কাজকর্ম শুরু করার প্রস্তুতি চলছে।