পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে উন্নয়নের একাধিক সুযোগ নষ্ট হয়েছে তৃণমূল সরকারের উদাসীনতার কারণে। এমনই অভিযোগ তুলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তাঁর দাবি, কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাধা দেওয়ার ফলেই রাজ্যের বহু এলাকা এখনও অপরিকল্পিত নগরায়নের সমস্যায় ভুগছে।
সমাজমাধ্যমে শমীকের বক্তব্য, ২০১৬ সালে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের ৭৮০টি সেনসাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ দিতে চেয়েছিল। সেই উদ্যোগ কার্যকর হলে উন্নত রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক আলোকসজ্জার মতো নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করা যেত। পাশাপাশি কেন্দ্রীয় আর্থিক সহায়তার মাধ্যমে দ্রুত পরিকাঠামো উন্নয়নও সম্ভব হত।
কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, দ্রুত সম্প্রসারিত হওয়া বহু জনপদ আজও পরিকল্পনাহীন নগরায়নের সমস্যায় জর্জরিত। উন্নত নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বহু সাধারণ মানুষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সংঘাত নয়, উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রা চান। এই পরিস্থিতিতে নতুন সরকারের লক্ষ্য হবে কেন্দ্রের অর্থ, প্রযুক্তি ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে আধুনিক ও বাসযোগ্য নগর ব্যবস্থা গড়ে তোলা।
এবিষয়ে শমীক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন যে, অতীতের মতো আর উন্নয়নের সুযোগ নষ্ট করা হবে না। সঠিক পরিকল্পনা ও কার্যকর প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বর্তমান সরকার। সম্প্রতি দল ও সরকারের মধ্যে সমন্বয় রেখে কাজ করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহেই উন্নয়নকে কেন্দ্র করে শমীক ভট্টাচার্যের এই বার্তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।