সপ্তম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ

প্রতীকী চিত্র

এসআইআর সংক্রান্ত মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আরও একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিনই সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। কমিশন জানায়, আগামী ৭ এপ্রিলের মধ্যে সমস্ত বিবেচনাধীন ভোটারের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার টার্গেট নেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জনের নামের নিষ্পত্তি হয়েছে। তবে এর মধ্যে কত নাম বাদ গিয়েছে তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।

আদালতে জানানো তথ্য অনুযায়ী, মোট ৬০ লক্ষ বিবেচনাধীন নামের মধ্যে ইতিমধ্যেই বড় অংশের নিষ্পত্তি হয়েছে। হাই কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, প্রায় ৪৭ লক্ষ নামের তথ্য যাচাই হয়ে গিয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জন ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। তবে এই সংখ্যার মধ্যে ঠিক কতজনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি কমিশন।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিপুল সংখ্যক নাম বিবেচনাধীন অবস্থায় ছিল। সেই তালিকা থেকেই ধাপে ধাপে যাচাই করে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। এখনও প্রায় ১০ লক্ষের কিছু বেশি ভোটারের নাম যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাদ পড়া ও অন্তর্ভুক্ত হওয়া নামের নির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব নয়। কমিশন সূত্রে খবর, দ্রুতগতিতে কাজ এগোচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই বাকি নামগুলির নিষ্পত্তি হয়ে যাবে। তবে যাঁদের নাম শেষপর্যন্ত বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।


যদিও এই ট্রাইব্যুনাল চালু নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার থেকেই বিশেষ এই ট্রাইব্যুনাল কাজ শুরুর কথা ছিল। পরিকাঠামোগত সমস্যার কারণে নির্ধারিত দিনে কাজ শুরু করা যায়নি। পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিচারপতির অব্যাহতি চাওয়ার খবরও সামনে এসেছে। ফলে কবে থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে, তা এখনও স্পষ্ট নয়।