সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। কখনও ঝিরঝিরে বৃষ্টি আবার কখন রোদ, মেঘরৌদ্রের খেলা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সোমবার পর্যন্ত কলকাতার আবহাওয়ায় বিশেষ কোনও বদল হবে না। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদার জেলায় শনিবার ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের পাহাড়সংলগ্ন জেলাগুলিতে সোমবার পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে জলপাইগুড়ি ও কালিম্পঙে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রয়েছে। এর জেরে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি কিছুটা দুর্বল হতে পারে।
এছাড়া বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলে ঢুকছে। এর জেরেই উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়ে আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।