বিশ্বভারতীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত পর্যটকরা

শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে পর্যটকদের ক্রমবর্ধমান ভিড় এবং আগ্রহের কথা মাথায় রেখে হেরিটেজ ওয়াকের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে সপ্তাহে ছয় দিন পর্যটকরা এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। শুক্রবার বিশ্বভারতীর তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, হেরিটেজ ওয়াক শুরু হওয়ার পর থেকেই দেশ-বিদেশের পর্যটকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। ক্রমশ অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় পর্যটকদের সুবিধার জন্য কর্মসূচির পরিসর আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াকের আয়োজন করা হবে। বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে তিনটি সময়ে— সকাল ১১টা, বিকেল ৩টা ৩০ মিনিট এবং ৪টা ৩০ মিনিটে।


অন্যদিকে, রবিবার পর্যটকদের জন্য একাধিক সময় নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা ও ১১টার পাশাপাশি বিকেল ৩টা ৩০ মিনিট, ৪টা এবং ৪টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াকের ব্যবস্থা থাকবে। ফলে সপ্তাহান্তে শান্তিনিকেতন ভ্রমণে আসা পর্যটকেরা আরও বেশি সংখ্যায় এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, হেরিটেজ ওয়াকের জন্য আগাম টিকিট বুকিংয়ের ব্যবস্থা নেই। অংশগ্রহণ করতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট দিনের টিকিট সেদিনই রবীন্দ্রভবনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পর শান্তিনিকেতনের প্রতি পর্যটকদের আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা, আশ্রম প্রাঙ্গণ এবং বিশ্বভারতীর ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই হেরিটেজ ওয়াক। নতুন সিদ্ধান্তের ফলে আরও বেশি সংখ্যক দর্শনার্থী শান্তিনিকেতনের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার সুযোগ পাবেন বলে মনে করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।