আরজি কর মেডিক্যাল কলেজের বহুচর্চিত ঘটনায় ফের নতুন মোড় তৈরি হয়েছে। এই মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারির দাবি ওঠার পর এবার আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়।
সম্প্রতি নির্যাতিতার মা আদালতে অভিযোগ করেন, ঘটনার পর পরিবারের পূর্ণ সম্মতি ছাড়া তড়িঘড়ি মৃতদেহ হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে দাহ করা হয়েছিল। তাঁর দাবি, এই গোটা প্রক্রিয়ায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানানো হয়।
এরপরেই সঞ্জীব মুখোপাধ্যায় হাইকোর্টে আবেদন করে দাবি করেন, তাঁকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। তাঁর আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই এই অভিযোগ আনা হয়েছে এবং তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও বাস্তব প্রমাণ নেই। এর পাশাপাশি সঞ্জীবের আইনজীবীর অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে তাঁর মক্কেলের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এরপরে হাইকোর্টে শুনানির পর আদালত সঞ্জীবকে আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।