অবশেষে পুলিশের জালে পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা যুধিষ্ঠির ঘোষ। কয়লা পাচার এবং বালি চুরির অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এলাকার আর এক তৃণমূল নেতা নিতাই অধিকারীকেও। শুক্রবার দু’জনকেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই যুধিষ্ঠির ঘোষের বিরুদ্ধে অজয় নদের তীর থেকে অবৈধভাবে বালি তোলা এবং পাচারের অভিযোগ ছিল। কয়লা পাচার কাণ্ডেও তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, তৃণমূল সরকারের আমলে এলাকায় তাঁর প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় প্রচারে এসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যুধিষ্ঠিরকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।
অন্যদিকে, সরকারি আবাস প্রকল্পের ঘর বণ্টন সংক্রান্ত একটি বিতর্কিত ঘটনার সঙ্গে নিতাই অধিকারীর নামও জড়িয়েছে। অভিযোগ, এক মহিলাকে চাপ দিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা বলতে বাধ্য করা হয়েছিল। পরে মানসিক অবসাদে ওই মহিলা আত্মহত্যা করেন বলে অভিযোগ। সেই মামলায় নিতাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। অভিযুক্তদের প্রিজন ভ্যানে তোলার সময় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের একাংশ তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়েন বলেও অভিযোগ উঠেছে।