গ্রেপ্তার বালি মাফিয়া অজয় হাড়ি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশাল সম্পত্তির হদিশ

Sand Mafia Arrest Photo-SNS

রাজ্যে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু নাগাল পাওয়া যাচ্ছিল না বালি মাফিয়ার। এবার রাজ্যে পালাবদল হতেই তৎপর হয়ে উঠেছে পুলিশ-প্রশাসন। বহুদিন ধরেই খোঁজ করা হচ্ছিল এই বালি মাফিয়ার। অবশেষে পুলিশ বালি মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই বালি মাফিয়ার নাম অজয় হাড়ি। যে বালি পাচার করে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছে। এমনকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালি পাচার করার পাশাপাশি পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছে সে বলে অভিযোগ।

এদিকে ধৃত বালি মাফিয়া অজয় হাড়ি তৃণমূল কংগ্রেসের আমলে দীর্ঘদিন ধরেই শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলে অভিযোগ। অজয় নদের থেকে বালি তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু তৃণমূল সরকারের আমলে পুলিশ-প্রশাসন এই বালি মাফিয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি! গতকাল বেশি রাতে বিদবিহার এলাকা থেকে অজয়কে গ্রেপ্তার করেছে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। কোটি কোটি টাকার সম্পত্তি থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি, গাড়ি সবই গড়ে উঠেছে পাচারের টাকায় বলে অভিযোগ।

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের এই বালি মাফিয়া অজয় হাড়ির উত্থান হয় সিপিএম আমলে। সেই উত্থান মারাত্মক আকার ধারণ তৃণমূল আমলে বলে অভিযোগ। অজয় নদ থেকে অবৈধ পথে বালি তুলে তা পাচার করা হতো। এই পাচার কাজ করেই বিপুল পরিমাণ টাকা মুনাফা করত অজয় বলে অভিযোগ। বামফ্রন্ট সরকারের পতনের পরে তৃণমূল কংগ্রেস জমানায় নেতাদের ঘনিষ্ঠ হয়ে ওঠে অজয়। তারপর থেকেই রকেটের গতিতে উত্থান হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়েই নদীর বুক থেকে দেদার বালি তুলে পাচার করা হতো বলে অভিযোগ। আর তা থেকেই কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছিল এই বালি মাফিয়া।


তাছাড়া এই বালি পাচার করে অজয় হাড়ি বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে বাড়ি, ট্রাক্টর, ডাম্পার, বালি তোলার মেশিন, জেসিবি সবই করেছিল এই মাফিয়া। ইটভাটার ব্যবসার সঙ্গেও সে জড়িয়েছিল। একটি আশ্রমও তৈরি করে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার কৌশল নিয়েছিল। ওই আশ্রমের আড়ালেই অসামাজিক কাজ চলত বলে অভিযোগ। প্রশাসনের সামনেই দিনের পর দিন বালি তুলে তা পাচার করা হতো। বিপুল পরিমাণ ট্রাক্টর এবং ডাম্পার রাস্তায় সেই বালি পাচারের কাজ করত। রাজ্যে পালাবদল হতেই কিছুদিন ধরেই গা-ঢাকা দিয়েছিল অজয় হাড়ি। অবশেষে তাকে ধরা সম্ভব হয়েছে। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।