মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এবার সরব হল বিজেপি। এই ঘটনাকে ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, এই হামলার লক্ষ্য ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে বার্তা দেওয়া।
শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা পরিকল্পনা করে করা খুন। গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এর মাধ্যমে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে।’ তাঁর দাবি, এই ঘটনা সাধারণ অপরাধ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়েছিলাম। কিন্তু তার পরেও দুষ্কৃতীদের নামিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মানুষকেই ঠিক করতে হবে তারা কী করবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং বিরোধী শিবিরকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই মধ্যমগ্রাম ও আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।