VB-G RAM G প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল মাসে সর্বোচ্চ ৮ হাজার টাকা

Image: SNS

ভিজি-রাম প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আর্থিক সুবিধার কথা ঘোষণা করল রাজ্য সরকার। এ বার থেকে তাঁদের মাসিক বেতন সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে। শুধু বেতনবৃদ্ধিই নয়, ঠিক ভাবে যাঁরা ১০ বছর ধরে কাজ করছেন, এমন কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, VB-G RAM G অর্থাৎ ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ হল দেশের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পে প্রতি বছর ১২৫ দিনের অদক্ষ শ্রমের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আর্থিক সুবিধাগুলি ২০২৬ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: চার বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে সাঁকরাইলের মামলাও প্রত্যাহার রাজ্যের


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁদের মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে ১০ বছরের কম চাকরির মেয়াদ হলে মাসে অতিরিক্ত ৬ হাজার টাকা দেওয়া হবে। যাঁরা ১০ বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন, তাঁদের বেতন বাড়বে ৭ হাজার টাকা।

অন্যদিকে, যাঁদের মাসিক বেতন ২৫ হাজার টাকার বেশি, কিন্তু ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ১০ বছরের কম চাকরির মেয়াদ হলে অতিরিক্ত ৭ হাজার টাকা এবং ১০ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ৮ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর পারিশ্রমিক ৩ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ পাশের হার ৯২.৬২%, অষ্টম স্থানে কলকাতা

নতুন নিয়ম অনুযায়ী, অন্তত ১০ বছর  কাজ করেছেন এমন কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে সংশ্লিষ্ট প্রকল্প বা কর্মসূচি চালু থাকতে হবে এবং কর্মীদের নির্ধারিত কর্মদক্ষতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। সরকার স্পষ্ট করে দিয়েছে, এই মেয়াদ বৃদ্ধি কোনও ভাবেই স্থায়ী চাকরির স্বীকৃতি নয়। আগের মতোই প্রতি বছর চুক্তিভিত্তিক নিয়োগ পুনর্নবীকরণ করা হবে।

ছুটির ক্ষেত্রেও নতুন সুবিধা দেওয়া হয়েছে। বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটি পাবেন কর্মীরা। মহিলা কর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। গর্ভপাতের ক্ষেত্রে ৪২ দিনের ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে এই সুবিধা VB-G RAM G প্রকল্পের অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য হলেও চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এর আওতায় পড়বেন না। সমস্ত যোগ্য কর্মী যাতে নতুন সুবিধা পান, তা নিশ্চিত করতে জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=nl3ZQIi9s47YCw2F” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>