দুই দেশের মধ্যে যুদ্ধের সময় অস্থির পরিস্থিতি এবং ধ্বংসলীলা দেখেছেন গোটা বিশ্বের মানুষজন। এখনও যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে এমন নয়। তার মধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের বাসিন্দারা পুজো দিতে এলেন তারাপীঠে। তারা মায়ের কাছে পুজো দিয়ে তাঁদের প্রার্থনা, তাড়াতাড়ি যুদ্ধ যেন থেমে যায়। দীর্ঘ চার বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। তার মধ্যেই দুই দেশের বাসিন্দারা কালীপুজোর দিন তারাপীঠে মা তারার কাছে পুজো দিলেন। দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর দিনে ১৫ জনের একটি দল তারাপীঠে আসেন পুজো দিতে। এভাবেই যুদ্ধরত দুই দেশকে জুড়লেন মা তারা। রাশিয়া-ইউক্রেন সংঘাত থামার প্রার্থনা নিয়ে মা তারাকে পুজো দিলেন রাশিয়া-ইউক্রেনের বাসিন্দারা।
অন্যান্য সাধারণ দর্শনার্থীদের মতোই লাইন দিয়ে তাঁরা মায়ের কাছে পুজো দিলেন। ভক্তি ভরে পুজো দিয়ে মাথায় তিলক কেটে বাইরে আসেন। তাঁদের প্রার্থনা, দ্রুত থামুক যুদ্ধ, ফিরুক শান্তি। রাশিয়া থেকে আসা এক ভক্ত তারাপীঠে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের সঙ্গে ইউক্রেন থেকেও অনেকে এসেছেন। কিন্তু আমাদের মধ্যে কোনও যুদ্ধ নেই। শুধু ভালবাসা আছে, শুধু প্রেম আছে।’ রাশিয়ার বাসিন্দা অজয় গিরি বললেন, ‘আমরা তারা মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম। রাশিয়া এবং ইউক্রেন থেকে এসেছে পুণ্যার্থীরা। মা কালী শক্তির প্রতীক। যাতে দুই দেশের মধ্যে যুদ্ধ থেমে যায়, তার জন্য প্রার্থনা করতেই পুজো দিতে এসেছি।’
প্রত্যেক দীপান্বিতা অমাবস্যায় তারাপীঠে মা তারা কালী রূপে পূজিত হন। সেখানে ভক্তদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসেন অনেকেই মা তারাকে পুজো করতে। মাকে নিজেদের অভাব-অভিযোগ জানাতে। মাকে পুজো দেন। বিদেশিরাও আসেন। কিন্তু এবার যেন এক অন্য ছবি দেখা গেল। ভালবাসার মেলবন্ধন এবং বন্ধুত্বের ছবি। দুটি ভিন দেশের মানুষ হলেও কেউ যুদ্ধ চান না। বরং শান্তি চান। সবার প্রার্থনা একটাই, দ্রুত থামুক যুদ্ধ, ফিরুক শান্তি। রাশিয়ার বাসিন্দা অজয় গিরির বক্তব্য, ‘আমরা সবাই রাশিয়া থেকে এসেছি। অনেকে ইউক্রেন থেকেও এসেছেন। কিন্তু যুদ্ধ নয়, প্রার্থনা করতে এসেছে। আমরা শান্তি চাই।’
তাছাড়া হামলা, পাল্টা হামলা, ড্রোন হামলা, রক্তক্ষয়ী লড়াই থেকে শুরু করে নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে যুদ্ধে। গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছেই। এই আবহে, যুদ্ধ থামার প্রার্থনা নিয়ে তারাপীঠে মায়ের কাছে পুজো দিল রাশিয়া এবং ইউক্রেন থেকে আসা ১৫ জনের এই দল। রাশিয়ার বাসিন্দা অজয় গিরির কথায়, ‘আমরা কর্ম-ধর্মে বিশ্বাসী। জয় মা তারা। আমরা প্রার্থনা করেছি, আমরা আশা রাখি। আমরা চেষ্টা করছি, আমরা প্রার্থনা করছি। যুদ্ধ থামাও মা। ভগবানের ইচ্ছা হলে যুদ্ধ থামবে। আমরা এই পবিত্র জায়গায় এসেছি। কারণ পৃথিবীর আর কোথাও এই জায়গার মতো জায়গা পাবেন না।’