আজ রাজ্যপাল পদে শপথ আরএন রবির

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আজ, বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন রবীন্দ্র নারায়ণ রবি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টায় কলকাতার লোকভবনে (সাবেক রাজভবন) অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বুধবারই কলকাতায় পৌঁছেছেন আরএন রবি। তিনি দমদম বিমানবন্দরে নেমে সোজা চলে যান লোকভবনে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বৃহস্পতিবার রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন।

সম্প্রতি দিল্লি সফরে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেন সিভি আনন্দ বোস। তাঁর আকস্মিক ইস্তফার পরই রাজ্যের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরএন রবিকে। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। সেই সময় তামিলনাড়ুর সরকারের সঙ্গে একাধিক বিষয়ে সংঘাতে জড়িয়েছিলেন রবি। বিশেষ করে বিভিন্ন বিল ঘিরে তাঁর সঙ্গে এমকে স্ট্যালিন নেতৃত্বাধীন রাজ্য সরকারের মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। এমনকি তাঁকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল তামিলনাড়ুর শাসকদল।


এদিকে আনন্দ বোসের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, এই পদত্যাগের খবরে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। একই সঙ্গে তাঁর আশঙ্কা, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক চাপ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, বোসের সঙ্গে অন্যায় হয়েছে এবং তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।