পানীয় জল-কর্মসংস্থানের দাবি, বিধায়কের দ্বারস্থ অন্ডাল গ্রামের বাসিন্দারা

Photo: Statesman

পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তার দ্রুত সংস্কার এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রানীগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষের দ্বারস্থ হলেন অন্ডাল গ্রামের বাসিন্দারা। শনিবার একাধিক দাবি-দাওয়া নিয়ে বিধায়কের বাড়িতে গিয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা জানান তাঁরা।

গ্রামবাসীদের অভিযোগ, অন্ডাল এলাকায় দীর্ঘদিন ধরে ডিভিসি (DVC) থাকলেও স্থানীয় বহু মানুষ এখনও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে স্থানীয় বেকার যুবকদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এর পাশাপাশি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা এবং দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তাগুলির দ্রুত সংস্কারের দাবিও জানান বাসিন্দারা।

এক স্থানীয় বাসিন্দা জানান, বিধায়ক তাঁদের সমস্ত কথা মন দিয়ে শুনেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে আশ্বস্ত করেছেন। অভিযোগ শোনার পর বিধায়ক পার্থ ঘোষ বলেন, ‘বিধায়ক হিসেবে এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমার যা যা করার, আমি তা করব।’


স্থানীয়দের ডিভিসিতে কাজ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অভিযোগ যে সত্যি, তা অস্বীকার করার উপায় নেই। ডিভিসিতে স্থানীয়দের পরিবর্তে জামাই-ভাগ্নেদেরই বেশি কাজ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ রয়েছে।’ এমনকী কাজ না করেও অনেকে বেতন তুলছেন। বিষয়টি নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: ডিজেলের বদলে ব্যাটারি, হুগলি নদীতে পর্যটনের নতুন ভেসেল

এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য সবসময় তাঁর দরজা খোলা রয়েছে বলে দাবি করেন বিধায়ক। উখড়া, অন্ডাল, খান্দরা ও দক্ষিণখণ্ড এলাকার বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে অন্ডাল সংলগ্ন এলাকায় একটি ‘বিধায়ক সেবা কেন্দ্র’ চালু করা হয়েছে বলেও জানান পার্থ ঘোষ। এলাকার মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ নিয়ে ওই সেবা কেন্দ্রে এসে বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে জানান তিনি।