চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বাদ পড়েছে প্রায় ১৮ লক্ষ নাম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা আজ প্রকাশিত হয়েছে। তবে নতুন তালিকা প্রকাশের পরেও মোট কত নাম অন্তর্ভুক্ত হল এবং কত নাম বাদ গেল, সে বিষয়ে এখনও স্পষ্ট ছবি সামনে আসেনি।

তবে কমিশন সূত্রের খবর, এদিনের তালিকায় প্রায় ২ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়েছে। ফলে ইতিমধ্যেই প্রকাশিত চারটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট প্রায় ৩৫ লক্ষ নাম সামনে এসেছে।

অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে সব ক্ষেত্রে ই-সাইন সম্পূর্ণ না হওয়ায় সেই সমস্ত নাম এখনও তালিকায় প্রকাশ করা যায়নি।


প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিষ্পত্তিকৃত নামের মধ্যে প্রায় ৪৫ শতাংশ বাদ পড়েছে বলে ইঙ্গিত মিলছে। সেই হিসেবে এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষের কাছাকাছি নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভোটের মুখে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ইঙ্গিত ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।