বাঁকুড়ার ওন্দা ব্লকের সানতোড় পঞ্চায়েতের সোনাতপল গ্রামে রয়েছে সূর্য মন্দির। বাঁকুড়া শহর থেকে প্রায় ছ’কিলোমিটার দূরে দ্বারকেশ্বরের দক্ষিণ তীরে অবস্থিত এই রেখ দেউল বাংলার অন্যতম ঐতিহাসিক পুরাকীর্তি। যদিও মন্দিরের প্রকৃত পরিচয় নিয়ে মতভেদ রয়েছে। এটি সূর্য মন্দির না কি জৈন অথবা বৌদ্ধ স্থাপত্য, তা নিয়ে রয়েছে বিতর্ক।
মন্দিরটি দেউল স্থাপত্য রীতিতে নির্মিত। লম্বা বক্ররেখার মতো উঁচু স্থাপত্য। উচ্চতা প্রায় ৬০ ফুট। চারদিকে চতুর্ভুজাকার বেষ্টনী ও সরু পুরোনো ইটের গাঁথনি। প্রবেশদ্বারের উপরে রয়েছে কারুকার্যময় চৈত্য-জানালা। মন্দিরের গায়ে সূক্ষ্ম ভাষ্কর্য। বিশাল অর্ধ গোলাকার চূড়া দেখার মতো। মাঝেমধ্যে মন্দিরের ভিতর থেকে শোনা যায় ঘণ্টাধ্বনি।
আরও পড়ুন: খড়্গপুর আইআইটিতে মোদী, ‘পরিবর্তিত’ ভারতের কথা তুলে ধরলেন তিনি
নাম সূর্য মন্দির হলেও বর্তমানে মন্দিরের গর্ভগৃহে কোনও সূর্য মূর্তি নেই। বহু বছর ধরে ছোট একটি শিবলিঙ্গ পূজিত হয়ে আসছে। প্রতিদিন নিয়ম করে পুজো করেন স্থানীয় এক পুরোহিত। শোনা যায়, অতীতে মন্দির সংলগ্ন এলাকা থেকে সূর্য দেবের একটি মূর্তি উদ্ধার হয়েছিল। সেই কারণেই অনেকের মতে এটি সূর্য মন্দির। তা ছাড়া মন্দিরটি পূর্বমুখী এবং আশপাশে সূর্য-উপাসক ব্রাহ্মণদের বসবাস থাকায় এই ধারণা হয়েছে জোরালো। এ–ও শোনা যায়, পাল যুগের রাজা শালিবাহন এই মন্দির তৈরি করেছিলেন।
ব্রিটিশ ভারতের পূর্তবিদ্যা বিশারদ ও সমীক্ষক জে ডি বেগলার ১৮৭২-১৮৭৩-এ এক্তেশ্বর হয়ে সোনাতপল পরিদর্শনে আসেন। তিনি এই দেবালয়গুলির নির্মাণকাল ১১ শতক বলে উল্লেখ করেছেন। এই সূর্য মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শাকদ্বীপীয় ব্রাহ্মণদের সম্পর্ক। ঐতিহাসিক সময়কাল অনুযায়ী বাঁকুড়ার সোনাতপল সূর্য মন্দির কোণার্ক সূর্য মন্দিরের চেয়ে প্রাচীন বলে মনে করা হয়।
সোনাতপল সূর্য মন্দিরের সময়কাল আনুমানিক একাদশ শতাব্দীর। আর কোণার্ক সূর্য মন্দির ত্রয়োদশ শতাব্দীতে, রাজা প্রথম নরসিংহদেবের আমলে নির্মিত হয়েছিল (আনুমানিক ১২৫০ খ্রিস্টাব্দ)। অর্থাৎ, প্রচলিত নির্মাণকাল সঠিক হলে সোনাতপল মন্দির কোণার্কের চেয়ে প্রায় ২০০ বছরের প্রাচীন।রাজ্য সরকারের সংরক্ষণের তালিকায় থাকার পরেও ঐতিহাসিক এই সৌধ ভগ্নপ্রায়। তবে এই গর্বের মন্দিরটি সংস্কার হয়নি দীর্ঘদিন, চরম অবহেলায় আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=DzesQsle9Dbb1FTL” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>