২৮ আগস্ট রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের নির্দেশ দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এই নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় জেলা প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েত স্তরে ব্যাপকভাবে অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার এবং সব জেলার জেলা শাসকদের এই বিষয়ে বিস্তারিত নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ‘জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা দিতেই রাখিবন্ধন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এটাই হবে এবারের অনুষ্ঠানের মূল লক্ষ্য। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যৌথভাবে গ্রাম ও শহরে রাখি বন্ধন কর্মসূচি পালন করবে। এবারের রাখি বন্ধন উৎসবের বিশেষ নজরকাড়া বিষয়টি হল তেরঙ্গা রঙের রাখি। রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরকে জেলায় জেলায় এই রাখি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এর পাশাপাশি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, বাউল ও অন্যান্য লোকসংস্কৃতির অনুষ্ঠান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক সংগঠন, যুবসমাজ এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। প্রতিটি জেলায় অনুষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে। জেলা প্রশাসনকে আগাম কর্মসূচি তৈরি, প্রচার এবং অনুষ্ঠান শেষে ছবি-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক, পঞ্চায়েত সমিতি, মহকুমা ও জেলা সদরে এই কর্মসূচির আয়োজন করা হবে। সেই সঙ্গে কলকাতা পুরসভা-সহ অন্যান্য পুরসভায় অন্তত ৪-৫টি নির্বাচিত ওয়ার্ডেও রাখিবন্ধন উদযাপন করা হবে। এর আগে গত ১০ আগস্ট তেরঙা যাত্রায় যোগ দিয়ে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পর এবার নির্দেশিকা জারি করা হল।