রাকেশ সিংয়ের জামিন মঞ্জুর হাইকোর্টে বন্দরের প্রার্থীপদ নিয়ে শুরু জল্পনা

অবশেষে ভোটের মুখে বিজেপি নেতা রাকেশ সিংয়ের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে জামিন পেয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর জেলমুক্তির সম্ভাবনা রয়েছে। এদিন অন্তর্বর্তী জামিন পেয়েই গাড়িতে বসা অবস্থায় সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন রাকেশ। আর এই ছবির ক্যাপশনে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানাও করেছেন তিনি। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে তিনি লিখেছেন, ‘সত্যের জয় হয়েছে।’

সোমবার সমাজমাধ্যমে রাকেশ সিং লিখেছেন, ‘মন্ত্রী ফিরহাদ হাকিমের গুন্ডা, পুলিশ ও প্রশাসনের অত্যাচার সত্ত্বেও সত্যের জয় হয়েছে | ১৬৩ দিনের সংগ্রামের পর আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মিথ্যা মামলায় কলকাতা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। আগামীকাল আমি মঙ্গলবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পাব এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরছি।’

এছাড়াও তিনি বলেছেন,’এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন আমি বিজেপি পরিবারের সেই সমস্ত শ্রদ্ধেয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ দ্বিবেদী, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির আরও অনেক নেতার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।


উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতার ট্যাংরা এলাকা থেকে বিজেপি নেতা রাকেশকে গ্রেপ্তার করে পুলিশ। বিধান ভবনে ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিহারে রাহুল গান্ধীর মিছিলে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দক্ষিণ কলকাতার ওই বিজেপি নেতা।

এরপরে তদন্তের সূত্র ধরে রাকেশকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করে, তাঁদের মধ্যে ছিলেন রাকেশ পুত্র শিবম সিংও। যদিও পরে জামিন পান তিনি। তবে রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় এন্টালি থানায়।

এরই মধ্যে ভোটের মুখে রাকেশের এই জামিন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে। প্রশ্ন উঠছে এবার কী তাহলে রাকেশকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। বিজেপির তরফে এখনও কলকাতা বন্দর এলাকায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অনুমান, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর এলাকায় তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বিপরীতে বিজেপির হয়ে দাঁড়াতে পারেন রাকেশ সিং। যদিও এবিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।