বুলডোজার অ্যাকশনের রেশ কাটতে না কাটতেই সোমবার রাজু নস্করের অফিস ঘিরে উত্তেজনা ছড়াল বেলেঘাটায়। বেআইনি নির্মাণকাণ্ডে নাম জড়ানো তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু নস্করের নির্মীয়মাণ বহুতল ভাঙা শুরু হয়েছে রবিবার। এরপরেই সোমবার সকালে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। রাজু নস্করের অফিসে চলেছে ভাঙচুর, মারধর করা হয়েছে রাজু ঘনিষ্ঠ এক ব্যক্তিকেও। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে আবার রাজু নস্করের আরও দুটি বহুতলে পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছে। এ কারণে ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুরসভার তরফে রাজু নস্করের বেলেঘাটার ৩৭ নম্বর বারোয়ারিতলা রোড এবং ১-ই ইস্ট কুলিয়া রোডের বহুতলে নোটিস পাঠানো হয়েছিল। যার মধ্যে ১-ই ইস্ট কুলিয়া রোডের বহুতলটি ভেঙেও ফেলেছে পুরসভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজু নস্করের উপরে ভরসা করে ২৫-৩০ লক্ষ টাকা দিয়ে তাঁরা ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও মেলেনি কোনও বৈধ কাগজপত্র। এরপরে রবিবার বহুতলে বুলডোজার চলতেই মাথায় হাত পড়ে যায় তাঁদের।
সেই ক্ষোভ থেকে এদিন রাজু নস্করের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেইসময় প্রোমোটার ঘনিষ্ঠ এক ব্যক্তিকে সামনে পেয়ে মারধর করতে শুরু করে ক্ষুব্ধ বাসিন্দারা। এক বাসিন্দার কথায়, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলেও, দেওয়া হয়নি এগ্রিমেন্ট পেপার। সোমবার কাগজপত্র দেওয়া হবে বলা হয়েছিল। সেই অনুযায়ী এদিন সকালে রাজু নস্করের অফিসের সামনে গিয়ে দেখা যায় অফিসের গেটে ঝুলছে তালা। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।