রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া, সমবেদনা মমতার

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি সমবেদনা জানিয়ে লেখেন, ‘আমার ভাইয়ের মতো রাজীবের স্ত্রীর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।’

অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলও। যদিও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোকপ্রকাশ করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন অনেকে।

উল্লেখ্য, রাজীব বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূলের অন্যতম পরিচিত মুখ। তিনি ডোমজুড় কেন্দ্র থেকে ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন। মমতার সরকারে রাজ্যের মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব। সেই রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে সে সময় যথেষ্ট চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। পরে একই বছরের অক্টোবর মাসে ফের তৃণমূলে ফিরে আসেন তিনি। তারপর থেকে আবার সক্রিয়ভাবেই দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে।