রাজ্যে রেলের তরফে ১ লক্ষ কোটির কাজ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ১ লক্ষ কোটি রেলপ্রকল্পের কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন তিনি। রাজ্যের প্রায় সব জেলাই রেল মানচিত্রের সঙ্গে জুড়বে বলে খবর। এতে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ কেন্দ্রের সঙ্গে বিগত রাজ্য সরকারের সম্পর্ক ভালো ছিল না। তৎকালীন সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলেননি। তবে এবার ডবল ইঞ্জিন সরকারের প্রয়াসে বড় পরিবর্তন হবে রেলে।

রেলমন্ত্রী বারবার চিঠি পাঠিয়েছেন। তা সত্ত্বেও কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও গত ৫ বছরে মেট্রো ও বিভিন্ন রেল প্রকল্পে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার ১ লক্ষ কোটি টাকার কাজ হবে।‘


মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় ১০টি অমৃত ভারত স্টেশন হবে। ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ হবে। জমির যতটুকুর প্রয়োজন তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, হিলি-সহ বাংলার প্রত্যেক জায়গা রেল মানচিত্রের অন্তর্ভূক্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার সকালে দমদম বিমানবন্দরে নামে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোতে চড়ে সাধারণ যাত্রীর সঙ্গে কথা বলেন তিনি। টোটোতেও চড়েন তিনি। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অশ্বিনী বৈষ্ণব।